Live Tv
প্রকাশ: ২২ মার্চ ২০২৬
ঈদের প্ল্যাটারে সালাদ নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুষ্টিবিদ।
সালাদ নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা
ঈদের সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। বিশেষ করে ভারী ও তেল-মশলাযুক্ত পদ খাবার টেবিলে থাকবেই। যা দুপুরে ও রাতে তো খাওয়া হয়ই, বরং এর বাইরেও অনেক সময় খাওয়া হয়। দীর্ঘ এক মাস রোজা থাকার পর হঠাৎ করেই তেল ও মশলাযুক্ত খাবার বেশি খাওয়া হলে শারীরিক বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য আগে থেকেই সতর্ক থাকা উচিত।
এ ক্ষেত্রে দুপুরে ও রাতে তেল ও মশলাযুক্ত খাবারের পাশাপাশি সালাদকে একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। অবশ্যই সালাদ কম ক্যালোরি সমৃদ্ধ চয়েজ এবং ফাইবার ও আ্যন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আইটেম। পাশাপাশি শরীরের জন্য ভালো, এমনকি অতিরিক্ত খাবার প্রবণতা কমাতে সহায়ক একটি চয়েজ সালাদ। কিন্তু মনে রাখতে হবে, সালাদের উপাদান ও ড্রেসিংয়ের ওপরই নির্ভর করে এটি শরীরের জন্য কতটা উপকারী হবে।

সবজি স্বাস্থ্যকর হলেও কিডনি রোগীর জন্য যেসব কারণে ক্ষতিকর
রাজধানীর ওয়ারীর ড্রীম ফার্টিলিটি কেয়ার এবং হেমায়েতপুর সেন্ট্রাল হসপিটালের পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা বলেন, সালাদ উপকারী হলেও এর সঙ্গে অতিরিক্ত তেল, মেয়োনিজ, ক্রিমি ড্রেসিং, চিনি বা বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হলেই সমস্যা তৈরি হয়। তিনি বলেন―
এসব উপাদান যোগ করার কারণে সালাদের ক্যালোরি অনেক বেড়ে যায়। ফলে এটি আর স্বাস্থ্যকর থাকে না। সালাদ তখন লুকানো ক্যালরির উৎস হিসেবে ভূমিকা রাখে। এমনকি অনেকে অলিভ অয়েলও বেশি ব্যবহার করেন। যে কারণে অতিরিক্ত ক্যালোরি যোগ হয়ে যায়। অলিভ অয়েল স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত ব্যবহারে খাবারের ক্যালরিভ্যালু খানিকটা নীরবেই বেড়ে যায়।
ইসরাত জাহান প্রিয়ানা বলেন, এ কারণে এই ধরনের সালাদ খেলে ওজন বেড়ে যাওয়া, হজমের সমস্যা এবং ব্লাড সুগারের ওঠা-নামা হওয়ার ঝুঁকি তৈরি হয়ে থাকে। সালাদকে সত্যিকার অর্থে স্বাস্থ্যকর রাখতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

এ পুষ্টিবিদ বলেন―
সালাদের মূল উপাদান হিসেবে শসা, টমেটো, গাজর, লেটুস, ক্যাপসিকাম, পেঁপে ও পেঁয়াজ রাখতে পারেন। সঙ্গে প্রোটিনের জন্য পরিমিত সেদ্ধ ডিম, গ্রিলড চিকেন বা ছোলা রাখা যেতে পারে। স্বাস্থ্যকর ফ্যাট হিসেবে অল্প পরিমাণ বাদাম বা এক চা চামচ অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে ঈদের দিন যেহেতু কম-বেশি ভারী ও তৈল-মশলাযুক্ত খাবার গ্রহণের প্রবণতা থাকে, এ জন্য শুধু সবজির সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা বা লেটুস ব্যবহার করা স্বাস্থ্যসম্মত হবে।
এ পুষ্টিবিদ বলেন, মনে রাখতে হবে, ড্রেসিংয়ের ক্ষেত্রে ভারী ও ক্রিমযুক্ত উপাদান এড়িয়ে চলা উত্তম। এর পরিবর্তে লেবুর রস, লো-ফ্যাট দই, সামান্য ভিনেগার ও অল্প পরিমাণ কালো মরিচ ব্যবহার করে সালাদ হালকা ও পুষ্টিকর করে তোলা সম্ভব। ঈদের আনন্দে খাবার থাকবেই। এ ক্ষেত্রে নিজেকে সচেতন থাকতে হবে এবং খাবার নির্বাচনে সতর্ক থাকার বিকল্প নেই। তবেই সুস্থ থাকা সম্ভব। এ জন্য সালাদ যেন স্বাস্থ্যকর হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন।
